বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দুর্ভাগ্যবশত’ বহু বছর ধরে তাকে প্রবাস জীবন কাটাতে হচ্ছে। শনিবার (৯ আগস্ট) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর জাতীয় কাউন্সিল-২০২৫ এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ২০০৭ সালে এক-এগারোর পর গ্রেপ্তার হয়ে ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমান তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে অনুপস্থিতিতে একাধিক মামলায় সাজা ও শতাধিক মামলা মোকাবিলা করতে হয়েছে তাকে।
তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিনি সর্বত্র জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, যদি একটি স্বচ্ছ ব্যবস্থা তৈরি করা যায়, তবে দল ও দেশের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব। ইংল্যান্ডের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে দীর্ঘ প্রচেষ্টায় এমন একটি সিস্টেম গড়ে উঠেছে, যার ফলে জনগণ ন্যূনতম প্রাপ্য সেবা পায়; কিন্তু বাংলাদেশে তা অনুপস্থিত।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের শিক্ষা, বিচার, যাতায়াত ও কৃষিসহ প্রায় সব খাতে একই ধরনের সমস্যার বিস্তার ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা থাকায় জনগণের প্রত্যাশা আরও বেড়েছে। এই পরিবর্তনের সূচনা করতে হবে বিএনপিকেই।
আরও
ড্যাবের কাউন্সিল অধিবেশনে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কেবল সরকার বা দলীয় নেতাদের পক্ষে তা সম্ভব নয়; এজন্য সবার অংশগ্রহণ দরকার। তিনি স্মরণ করিয়ে দেন, আড়াই বছর আগে বিএনপি যে সংস্কার প্রস্তাব পেশ করেছিল, বর্তমানে সরকার গঠিত সংস্কার কমিশনও তা নিয়ে আলোচনা করছে।
ঢাকার কাকরাইলের উইলন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসমাইল জবিহউল্লাহ এবং সঞ্চালনা করেন অধ্যাপক লুৎফুর রহমান।











