মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি-গুণপুর গ্রামের কুয়েতপ্রবাসী আসলাম হোসেন (৩৮) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত আসলাম স্থানীয় সাহাব উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার (২০ জুলাই) রাতে তারা কুয়েত থেকে আসলামের মৃত্যুর খবর পান। হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পুত্র হারানোর শোক এখন ভারি হয়ে আছে পুরো পরিবারে। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বাবা-মা সন্তানের লাশ দেশে ফেরত এনে শেষবারের মতো দেখতে চান। কান্নাজড়িত কণ্ঠে আসলামের বাবা বলেন, “আমরা সরকারের কাছে কোনো কিছু চাই না, শুধু আমাদের ছেলের লাশটা যেন ফিরে পাই। তাকে দেশে এনে কবর দিতে পারলেই শান্তি পাবো।”
আরও
পরিবারটি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, যেন দ্রুত প্রবাসী আসলামের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক সহায়তা চেয়েছেন স্বজনরা।
এদিকে এলাকার মানুষও এই মৃত্যুতে শোকাহত। প্রবাসে জীবন-জীবিকার তাগিদে গিয়ে এমন মৃত্যু যেন আর কোনো পরিবারের কপালে না জোটে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে।












