পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ ডাকাতির ঘটনায় এক নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৪ জুলাই) গভীর রাতে উপজেলার এক বসতবাড়িতে এই লোমহর্ষক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাত থেকে আটজনের একটি সশস্ত্র ডাকাত দল রাত ২টার দিকে বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে রাখে এবং ঘর থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় সেখানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে আলাদা কক্ষে নিয়ে চারজন ডাকাত সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও ঘটনার বিস্তারিত জানতে পারেন।
আরও
ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, ডাকাতরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ঘরের আলমারি ও শোকেসের চাবি নেয় এবং তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে বেঁধে রেখে নববধূকে পাশের কক্ষে নিয়ে গিয়ে চারজন পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের প্রত্যেকটি কক্ষে ডাকাতির চিহ্ন দেখা গেছে। আলমারি, শোকেসসহ ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। পরিবারের নারী ও পুরুষ সদস্যরা ভয়ে কথা বলতেও অস্বস্তি বোধ করছেন।
ঘটনার পর কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হিসেবে শাকিল ও রাসেল নামে দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নববধূর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার জবানবন্দি গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম।











