সর্বশেষ

বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

Body of expatriate's wife with throat slit recovered from homeProbashir city Popup 19 03

সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে এক প্রবাসীর স্ত্রী সুজিয়া বেগম সাজনের (৩৩) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজিয়া বেগম বারহাল ইউনিয়নের মাইজগ্রামের দুবাইপ্রবাসী মোখতার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।

ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং তা ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের দেবর ও খালা শাশুড়ি জানান, ঘটনার সময় বাড়িতে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। তাদের দাবি, সুজিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং আত্মহত্যার আশঙ্কা থাকায় ধারণা করা হচ্ছে তিনি নিজেই গলা কেটে আত্মহত্যা করতে পারেন।

তবে স্থানীয়দের মধ্যে এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সুজিয়া মানসিকভাবে অস্থির ছিলেন—এমন দাবি তার পরিবারের হলেও ঘটনার আগের দিন তাকে স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে দেখা গেছে। ফলে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে আহ্বান জানান তারা।

এ বিষয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03