সর্বশেষ

ফুটবল খেলতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল প্রবাসীর

Expatriate dies of stroke while playing footballProbashir city Popup 19 03

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় ঈদ উপলক্ষে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মো. মামুন (৩৮) নামের এক প্রবাসীর। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মামুন পৌরসভার ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা এবং সৌদি আরব প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফিরে আসেন তিনি। স্থানীয়ভাবে পরিচিত সমাজসেবক হারুন সওদাগরের ছোট ভাই মামুন ফুটবলে সক্রিয় ছিলেন এবং বন্ধুদের সঙ্গে অংশ নিচ্ছিলেন এলাকার এক সামাজিক সংগঠন ‘নব জাগরণ সংস্থা’ আয়োজিত রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টে।

ঈদুল আজহার পরদিন থেকে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় পাওয়ার স্ট্রাইকার্স ও গোল্ডেন লিজেন্ডস নামের দুই দলের মধ্যে। পাওয়ার স্ট্রাইকার্স দলের হয়ে খেলছিলেন মামুন। খেলার মাঝপথেই হঠাৎ তিনি মাঠে পড়ে যান। আশপাশের খেলোয়াড় ও দর্শকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মীয় আব্বাস উদ্দিন জানান, মামুন সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন এবং এলাকায় আয়োজিত টুর্নামেন্টে খেলায় অংশ নিচ্ছিলেন। খেলা চলাকালীন হঠাৎ করে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন বলে জানান তিনি।

এদিকে সাতকানিয়া থানার তদন্ত পরিদর্শক সুদীপ্ত রেজা জয়ন্ত গণমাধ্যমকে জানান, মাঠে খেলা চলার সময় স্ট্রোক করে এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03