বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকারের মধ্যে অধিকাংশ ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন, ফলে এটি একটি আস্থাহীন সরকারে পরিণত হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি আরও বলেন, “সেন্টমার্টিন দ্বীপ, করিডর, ওয়ার্ল্ড স্টার, স্টারলিঙ্ক—সবকিছু নিয়েই কিছু না কিছু ঘটছে। আমরা সব বুঝি, জনগণকে বোকা ভাববেন না।”
তিনি অভিযোগ করেন, সরকার সমালোচনার মুখে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিতে চায়। তবে বিএনপি তা সফল হতে দেবে না। দেশের নাগরিকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, “আপনারা বলছেন কাজ শেষ করবেন, কিন্তু আমরা জানি—আপনারা কিছুই শেষ করতে পারবেন না।”
আরও
মির্জা আব্বাস দলের নেতাকর্মীদের আহ্বান জানান, চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে বলে তিনি অভিযোগ তোলেন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এই কর্মসূচিতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সমাবেশে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেন। বক্তারা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।








![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)


