সর্বশেষ

নেপালের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবে

নেপালের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবেCity ads Investment (1)

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন। এছাড়াও, বিনিয়োগ আকৃষ্ট করতে আটটি ভিন্ন সংস্থাকে একটি একক কাঠামোর অধীনে আনার সিদ্ধান্ত এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)-র গভর্নিং বোর্ডের সভা প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)-র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান।

বিডা চেয়ারম্যান আরও জানান, বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (প্রবাসীদের বিনিয়োগসহ) আকৃষ্ট করার জন্য প্রণোদনা দেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে বেজা ও বিডার মতো বিভিন্ন সংস্থার ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) বিদ্যমান থাকলেও, কিছু ক্ষেত্রে অনলাইন আবেদনের পাশাপাশি অফলাইনেও সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, যেসব সংস্থার অনলাইন সেবা প্রদানের সক্ষমতা আছে, তাদের ম্যানুয়াল সেবা কার্যক্রম আগামী এক মাসের মধ্যে বন্ধ করতে হবে। এছাড়াও, সকল ওএসএসকে একত্রিত করে একটি একক পোর্টাল তৈরির বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার এবং এর সুবিধা যাতে প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও চীনও পায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন, ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ গাজীপুরে উৎপাদিত পণ্য এতদিন সড়কপথে ট্রাকে করে কলকাতা বা দিল্লি বিমানবন্দরে নিয়ে গিয়ে বিদেশে রপ্তানি করা হতো, যার পরিবহন খরচ বাংলাদেশ পেত না। এই প্রক্রিয়া বন্ধ হওয়ায় সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরগুলোর উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে।

সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে অনুমোদন পাওয়া ১০টি অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে। এই বাতিলকৃত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), বাগেরহাটের সুন্দরবন ট্যুরিজম পার্ক, মুন্সিগঞ্জের গজারিয়া অর্থনৈতিক অঞ্চল, গাজীপুরের শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল, ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল, মুন্সিগঞ্জের গার্মেন্টস শিল্প পার্ক, সুনামগঞ্জের ছাতক ইকোনমিক জোন, বাগেরহাটের ফমকম ইকোনমিক জোন, সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং নারায়নগঞ্জের সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল। ভবিষ্যতে অর্থনৈতিক অঞ্চল গঠনের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেখানে সকল ইউটিলিটি সেবাদানকারী সংস্থাকে অন্তর্ভুক্ত করা হবে। এসব সংস্থা অঞ্চলগুলোতে সেবা প্রদানে কতটা সক্ষম, সে বিষয়ে তাদের সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচবি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup