সর্বশেষ

প্রবাসীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির

প্রবাসীদের যে বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমিরProbashir city Popup 19 03

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের শীর্ষ ইসলামী নেতৃবৃন্দদের ফাঁসি দিয়ে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) দুপুরে কুয়েত সিটির আল আরদিয়া খাইমায় আয়োজিত এক সর্বদলীয় প্রীতি সমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। জালেম সরকার দেশের আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের অন্যায়ভাবে জেলে বন্দি করে তাদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল। মানুষকে কথায় কথায় পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছিল, মানুষের ঘর-বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। তারা ব্যাংক লুট করে রাজকোষ শূন্য করে দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে।

প্রবাসীদের যথাযথ মূল্যায়ন না করে আওয়ামী লীগ সরকার তাদের ভিসা ও পাসপোর্ট না দিয়ে নানা জটিলতা সৃষ্টি করেছিল উল্লেখ করে তিনি বলেন, বিদেশি দূতাবাসে অসৎ লোকদের নিয়োগ দিয়ে প্রবাসীদের পকেট কাটার ব্যবস্থা করেছিল আওয়ামী লীগ সরকার। সৎ লোকেরা ক্ষমতায় আসলে সব দুর্নীতি ও লুটপাট বন্ধ করে ইনসাফ কায়েম করবেন।

জামায়াত আমির বলেন, যারা প্রবাসে আছেন, আপনারাই বাংলাদেশের প্রতিনিধি। আপনারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাব-মর্যাদা উন্নত করবেন, এটাই আমরা আশা করি। প্রবাসী ভাইদের নীতিবান হতে হবে। সব ক্ষেত্রেই যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে হবে। আপনারা যে দেশে আছেন, সে দেশের আইনকানুন ভালোভাবে মেনে চলতে হবে এবং দেশের ভাব-মর্যাদা উন্নত করতে হবে।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেদের পরিবার-পরিজনদের এবং দেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর রাখবেন। আপনারা ব্যক্তিগত ও পারিবারিকসহ সব ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলবেন। আমরা সবাই মিলেমিশে দেশ গড়ার কাজে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, দেশের ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেরকম স্বৈরাচার সরকার যেন আর ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদী সরকারকে মানবে না। আমিরে জামায়াতের নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশকে একটি আদর্শবাদী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সংগ্রাম করছি।

হাফেজ মাওলানা নূরুল আলমের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার দুপুরে আমিরে জামায়াতকে বিদায় জানান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মনিরুজ্জামানসহ দূতাবাসের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এদিন দুপুরে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশে রওয়ানা হয়েছেন। ওমরাহ পালন শেষে রোববার (১২ জানুয়ারি) ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03