সর্বশেষ

ইন্দোনেশিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে সাত বাংলাদেশি আটক

Seven Bangladeshis detained for illegal entry into IndonesiaProbashircityWebPopupUpdate

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে কোনো পাসপোর্ট বা বৈধ নথিপত্র ছাড়াই অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বর্তমানে তাঁদের দেনপাসার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দেনপাসার ইমিগ্রেশন অফিসের প্রধান আর. হার্যো শক্তি এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পৃথক দুটি অভিযানে ওই বাংলাদেশিদের আটক করা হয়। এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি তাবানান রিজেন্সির কেদিরি এলাকার একটি মসজিদ থেকে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গত ১৮ ফেব্রুয়ারি দেনপাসার শহর থেকে আরও পাঁচজনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটকের পর নিবিড় জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় যে, এই সাতজনের কারও কাছেই বৈধ পাসপোর্ট, ভিসা বা ইন্দোনেশিয়ায় প্রবেশের কোনো দাপ্তরিক রেকর্ড নেই। তাঁরা সম্পূর্ণ অবৈধ পথে দেশটিতে প্রবেশ করেছিলেন। এরপর গত ২০ ফেব্রুয়ারি বিকেলে তাঁদের সবাইকে জিম্বারানের ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। এ বিষয়ে আর. হার্যো শক্তি সুস্পষ্টভাবে জানিয়েছেন, যেকোনো বিদেশিকে অবশ্যই বৈধ নথিপত্র নিয়ে নির্ধারিত আইনি পথ দিয়ে সে দেশে প্রবেশ করতে হবে। এই নিয়ম অমান্য করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১১ সালের ইন্দোনেশিয়ার অভিবাসন আইনের ১১৩ নম্বর ধারা অনুযায়ী আটক বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বালিসহ আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate