সর্বশেষ

ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট!

Red alert in three states of india!Probashir city Popup 19 03

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মিজোরাম ও ত্রিপুরার বেশ কিছু জেলায় চরম বৈরী আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ মে) জারি করা এক সতর্কবার্তায় আইএমডি জানায়, আসামের ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিসহ একাধিক জেলায় বৃহস্পতিবার ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এসব এলাকাকে রেড অ্যালার্টের আওতায় আনা হয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার থেকে বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

শুক্রবারও (৩০ মে) এসব জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। গুয়াহাটিসহ রাজ্যের অন্যান্য শহরে টানা ও তীব্র বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন, গাছপালা উপড়ে পড়া এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে।

ত্রিপুরার আবহাওয়া অফিস পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার জন্যও রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

একইসঙ্গে মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলাতেও একই সতর্কতা জারি করা হয়েছে। বিচ্ছিন্ন এই এলাকায় ঝড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার এবং দুর্বল ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03