সর্বশেষ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ওজুর ব্যবস্থা করার পরিকল্পনা বাতিল

Image 318847Web Popup (3)

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে (ডিএফডব্লিউ) ওজুর জন্য বিশেষ স্থান নির্মাণের একটি প্রস্তাব বাতিল করা হয়েছে। টার্মিনাল ডিতে এই ব্যবস্থা তৈরির পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত এ সিদ্ধান্ত নেয়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

ডিএফডব্লিউ কর্তৃপক্ষ গত শুক্রবার জানায়, আন্তর্জাতিক টার্মিনাল ডির নিরাপত্তা তল্লাশির আগের অংশে কয়েকটি ওজু স্টেশন স্থাপনের একটি অভ্যন্তরীণ প্রস্তাব তারা বিবেচনা করছিল। তবে বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হলে পরিকল্পনাটি দ্রুত পর্যালোচনা করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, প্রস্তাবটি বাস্তবায়ন করলে প্রত্যাশিত পরিচালনাগত সুবিধা পাওয়া যাবে না, তাই প্রকল্পটি আর এগিয়ে নেওয়া হচ্ছে না। এর আগে গত ৩১ জুলাই টেক্সাসের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থায় প্রকল্পটির নিবন্ধন করা হয়েছিল। ওই নথিতে সম্ভাব্য ব্যয় প্রায় ৩ লাখ ডলার এবং বছরের শেষ নাগাদ নির্মাণকাজ শেষ হওয়ার কথা উল্লেখ ছিল। তবে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নকশা প্রতিষ্ঠানের ভুলের কারণে এসব তথ্য নথিতে উঠে এসেছিল। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেলে এর প্রকৃত ব্যয় দাঁড়াত প্রায় ১ লাখ ২০ হাজার ডলার।

এদিকে পরিকল্পনাটি বাতিলের আগেই বিষয়টি নিয়ে ঘোর আপত্তি তুলেছিলেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। গত শুক্রবার তিনি ডিএফডব্লিউ এবং হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের জন্য দেওয়া সরকারি অনুদান পর্যালোচনার নির্দেশ দেন। অ্যাবট বলেন, সরকারি মালিকানাধীন কোনো বিমানবন্দর একটি ধর্মকে অন্যদের তুলনায় বিশেষ সুবিধা দিতে পারে না। দুই বিমানবন্দরের ধর্মীয় সুবিধা ও ব্যবস্থাপনা নিয়ে তদন্তের জন্য তিনি মার্কিন পরিবহন দপ্তর ও ফেডারেল এভিয়েশন প্রশাসনের কাছেও বিষয়টি পাঠিয়েছেন। তাঁর দাবি, বিশেষভাবে মুসলিমদের জন্য ওজুর ব্যবস্থা করা হলে তা ধর্মের ভিত্তিতে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার শামিল হবে।

তবে ডিএফডব্লিউ কর্তৃপক্ষ তাদের অবস্থানের পক্ষে সাফাই দিয়ে বলেছে, বিমানবন্দরের এ ধরনের যেকোনো প্রকল্প যাত্রীসেবা, পরিচালনাগত সুবিধা, ঝুঁকি ও ব্যয়ের দিক বিবেচনা করেই অনুমোদন করা হয়। বিমানবন্দর পরিচালনায় করদাতাদের কোনো অর্থ ব্যবহার করা হয় না বলেও স্পষ্ট করেছে তারা। পার্কিং, দোকানপাট ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে পাওয়া আয় দিয়েই এই বিমানবন্দর পরিচালিত হয়। অন্যদিকে গভর্নর অ্যাবটের কার্যালয় জানিয়েছে, হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে ইতিমধ্যে ওজুর জন্য একটি ব্যবস্থা এবং এর পাশেই নামাজের কক্ষ রয়েছে।

সূত্র: ফক্স নিউজ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup