যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ দেশটিতে অবস্থান করলে তার বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা ছাড়াও ফৌজদারি মামলার আশঙ্কা রয়েছে—এমন সতর্কতা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৩০ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। দূতাবাস জানিয়েছে, কনস্যুলার অফিসারদের কাছে প্রতিটি ভিসা আবেদনকারীর পূর্ণ অভিবাসন ইতিহাস থাকে এবং আগে কোনো নিয়ম লঙ্ঘনের তথ্য গোপন করা সম্ভব নয়।
পোস্টে আরও বলা হয়, ভিসার শর্ত মেনে চলা আবেদনকারীর ব্যক্তিগত দায়িত্ব। ভুল করে কিংবা অজান্তে নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই। এ কারণে প্রত্যেক ভিসাধারীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
আরও
এর আগে গত ১০ জুলাই দূতাবাস জানায়, ভিসার অনলাইন আবেদন ফরম (DS-160) পূরণের সময় গত পাঁচ বছরে ব্যবহার করা সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল বা ইউজারনেম প্রদান বাধ্যতামূলক। এই তথ্য গোপন করলে শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।
দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানায়, তারা যেন আবেদন ফরমে দেওয়া প্রতিটি তথ্য সততার সঙ্গে প্রদান করেন এবং ফরম জমা দেওয়ার আগে নিশ্চিত হন যে তা সঠিক। অন্যথায়, প্রতারণা বা তথ্য গোপনের শাস্তি হতে পারে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা।












