দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের বাটারওর্থ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুক্তার হোসেন সনি নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টার দিকে নিজের দোকানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধের আগ মুহূর্তে সনি দই খাচ্ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান। ঘটনাটি দেখে পাশের দোকানে থাকা এক বাংলাদেশি দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
আরও
মুক্তার হোসেন সনির বাড়ি মুন্সিগঞ্জের উত্তর কাগজীপাড়া গ্রামে। প্রবাসে তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












