লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে মাদারীপুরের সাব্বির আকন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের লাশ পেলেই খুশি নিহতের স্বজনরা। নিহত সাব্বির আকন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউপির পশ্চিম কালাইমার গ্রামের মামুন আকনের ছেলে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি ট্রলার মঙ্গলবার (১৮ জুন) ইতালির দক্ষিণ উপকূলে ডুবে যায়। এতে ১১ বাংলাদেশি নিহত হন।
এদের মধ্যে মাদারীপুরের ৩ যুবক রয়েছেন। তাদের একজন সাব্বির আকন। নিহত সাব্বিরের বাবাও দুই বছর আগে একইভাবে অবৈধপথে ইতালি যান।
নিহত সাব্বিরের মা রহিমা বেগম বলেন, ইতালি যাওয়ার পথে সাগরে ট্রলারডুবিতে আমার ছেলে সাব্বির মারা গেছে। আমার এখন আর কিছু চাওয়ার নেই। আল্লাহ নিয়ে গেছে। ছেলের লাশ পেলেই খুশি। লাশটা যেন বাড়িতে কবর দিতে পারি।
আরও
নিহতের চাচা মোশারফ আকন বলেন, আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। আমি চাই সরকার যেন দ্রুত সাব্বিরের লাশ দেশে ফিরিয়ে আনেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন বলেন, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে সদর উপজেলার সাব্বির নামে একজন মারা গেছেন বলে শুনেছি।
তবে নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগযোগ করেনি। নিহতের পরিবার চাইলে প্রশাসনের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার ব্যবস্থা করা হবে।











