কুয়েতে নিজের এক বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির অপরাধ আদালত। ফেসবুকে স্ত্রীর ব্যক্তিগত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে ক্ষোভের বশবর্তী হয়ে ওই বাংলাদেশি এই হত্যাকাণ্ড ঘটান। বিচারক নাসের আল-বদরের নেতৃত্বাধীন আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত বাংলাদেশির স্ত্রীর কিছু ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন তাঁরই ওই বন্ধু। বিষয়টি জানার পর ছবিগুলো দ্রুত ফেসবুক থেকে মুছে ফেলার জন্য বন্ধুকে অনুরোধ জানান ওই ব্যক্তি। কিন্তু তাঁর বন্ধু ছবিগুলো ডিলিট করতে সরাসরি অস্বীকৃতি জানান।
এতে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন ওই বাংলাদেশি। পরিকল্পনা অনুযায়ী তিনি একটি ছুরি নিয়ে বন্ধুর কর্মস্থলের বাইরে ওত পেতে থাকেন। পরে ওই বন্ধু কাজ শেষে বাইরে বেরিয়ে এলে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ তদন্তে নামে এবং অভিযুক্ত বাংলাদেশিকে শনাক্ত করে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি ও তথ্যপ্রমাণ যাচাই শেষে আদালত তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।











