মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বিষয়টি তুলে ধরা হয়। সেখানে ইতালিতে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং ইতালীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
আরও
এ ক্ষেত্রে আগ্রহী কর্মীদের তিন ধরনের বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।
– ইতালীয় ভাষার প্রাথমিক শিক্ষা।
– ইতালির আইন, সংস্কৃতি ও নাগরিক জীবন সম্পর্কে ধারণা।
– সংশ্লিষ্ট পেশার ওপর কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জন।
তবে শুধু প্রশিক্ষণ নিলেই ইতালির ভিসা নিশ্চিত হবে না। ইতালির নিয়োগদাতা প্রতিষ্ঠান কোন খাতে কতজন কর্মী নিতে চায়, তার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন ও নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।
এ কর্মসূচিতে ইতালির বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী বিভিন্ন খাতের দক্ষ কর্মী নেওয়া হবে। ইতোমধ্যে বাংলাদেশে হোটেল, রেস্তোরাঁ ও আতিথেয়তা (হসপিটালিটি) খাত এবং বস্ত্রশিল্পে প্রশিক্ষণ কার্যক্রমের উদাহরণ তুলে ধরা হয়েছে।
অর্থাৎ এসব খাতে দক্ষতা রয়েছে বা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারবেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট নিয়োগ প্রকল্পে নির্বাচিত হওয়ার সুযোগ পেতে পারেন।
প্রশিক্ষণ নিতে খরচ লাগবে না
এ কর্মসূচির অন্যতম সুবিধা হলো, প্রশিক্ষণের খরচ বহন করবে ইতালির নিয়োগদাতা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কোম্পানি। ফলে প্রশিক্ষণ নিতে আগ্রহী কর্মীদের কোনো অর্থ দিতে হবে না। প্রশিক্ষণ কার্যক্রম ইতালির শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন ও তদারকির আওতায় পরিচালিত হবে।
তিন বছরে প্রায় ৫ লাখ কর্মী নেবে ইতালি
এদিকে আগামী তিন বছরে বিভিন্ন দেশ থেকে প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি। দেশটির Decreto Flussi কর্মসূচির আওতায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে।
এ কর্মসূচিতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। কৃষি, পর্যটন, শিল্পসহ বিভিন্ন খাতে মৌসুমি ও অমৌসুমি কর্মী নেওয়া হবে।
দালালের খপ্পরে না পড়ার পরামর্শ
এ ছাড়া নিয়োগদাতার কাছ থেকে পাওয়া বা কাজের অনুমোদনই ইতালিতে প্রবেশের অনুমতি নয়। এটি মূলত ইতালিতে কোনো বিদেশি কর্মীকে নিয়োগ দেওয়ার অনুমোদন। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইতালির দূতাবাস।
তাই বৈধভাবে ইতালি যেতে আগ্রহীদের ইতালি দূতাবাস ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে তথ্য যাচাই করে প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।











