ওমানের মাস্কাটে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। গত শুক্রবার (২৩ অক্টোবর) বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবু সুফিয়ান। বিশেষ সম্মানীয় অতিথি ছিলেন মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান এবং শ্রম কাউন্সেলর মো. রফিউল ইসলাম। এছাড়া টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গাল্ফ এক্সচেঞ্জের প্রতিনিধি মাসুদ রানা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনে মাত্রা যোগ করেন।
আরও


বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান আজিমুল হক বাবুল (সিআইপি) ও সাবেক চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি)। পাশাপাশি ক্লাবের বর্তমান ও সাবেক নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন উইংয়ের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সেলিম পারভেজ এবং আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ নিজাম উদ্দিন ও মাহবুব আলম।


মাঠে বসে বিপুলসংখ্যক প্রবাসী ফুটবলপ্রেমী উদ্বোধনী দিনের খেলা উপভোগ করেন। মাঠে প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন প্রকৌশলী সাইদুল ইসলাম ও কাজী জাহিদুল ইসলাম রাজীব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টের আগামী ম্যাচগুলোও সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।












