ওমানের বারকা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার ওমানি নাগরিক প্রাণ হারিয়েছেন। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লোহার ব্যারিকেড ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ঘটে বারকা প্রদেশের আল-রামাইস এলাকায়। জানা যায়, দ্রুতগামী ট্রাকটি উল্টো দিকের লেনে ঢুকে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এর ফলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ওই চার তরুণের মৃত্যু হয়।
নিহতরা হলেন সাঈদ বিন হামদান আল খারুসি, খালিদ বিন হামদান আল খারুসি, আব্দুল হামিদ আল আমিরি এবং সালেম বিন রশিদ আল বাদরি। মর্মান্তিক এই মৃত্যুতে নিহতদের পরিবার ও স্থানীয় কমিউনিটির মাঝে গভীর শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ এই দুর্ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছেন।
ওমানে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও প্রশস্থ সড়ক থাকা সত্ত্বেও এমন সড়ক দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে। দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার। এছাড়া দূরপাল্লার বা ভারী যানবাহনের চালকদের ক্লান্তি ও ঘুম ঘুম ভাব অনেক সময় বড় দুর্ঘটনার জন্ম দেয়। তাই এ ধরনের আকস্মিক ও ভয়াবহ দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সাবধানে চলাচলের আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।










