যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও তীব্র অর্থনৈতিক চাপের কারণে ইরানের বহু মানুষ ঠিকমতো দুই বেলা খাবারও জোগাড় করতে পারছেন না বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২৪ অক্টোবর) নিজের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় তিনি জানান, বর্তমান এই যুদ্ধকালীন পরিস্থিতির কারণে অনেক পরিবারই চরম খাদ্যসংকটে পড়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের চেয়ে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছে। তবে ইরানের নেতারা স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন চাপ ও হুমকি বন্ধ না করলে কোনো শান্তি আলোচনা সফল হবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে উল্লেখ করে দ্রুত এই মারাত্মক অচলাবস্থা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন।
অন্যদিকে, নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা আরও প্রবল হচ্ছে। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক এক পডকাস্ট সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইরানে আবারও হামলা চালাতে পারে ওয়াশিংটন। এমন হুমকিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।











