মক্কায় হামলার পর এবার ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় ধেয়ে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই সফলভাবে প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই বার্তায় মেজর জেনারেল মালকি জানান, মদিনার আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি প্রতিরক্ষা জোট। তবে ঠিক কোথা থেকে বা কারা এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
উল্লেখ্য, পবিত্র শহরগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টা এটিই প্রথম নয়। এর আগে গত মাসে পবিত্র মক্কা নগরী লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সেটিও লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশসীমায় ধ্বংস করতে সক্ষম হয় সৌদি জোট। শুধু তাই নয়, এর আগে মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা, যেখান থেকে পবিত্র মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো। পবিত্র শহরগুলোতে এমন ধারাবাহিক হামলার অপচেষ্টায় মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।









