সর্বশেষ

‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর…

ResizeWeb Popup (3)

গরু কেনা হয়েছিল দিনে ৮ থেকে ১০ লিটার দুধ পাওয়ার প্রতিশ্রুতিতে। কিন্তু বাছুর প্রসবের পর মিলছে মাত্র ৩ লিটার। এমনই এক অভিনব অভিযোগ নিয়ে সোজা থানায় হাজির হলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক কৃষক। শেষমেশ পুলিশের মধ্যস্থতায় বিক্রেতার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দুই হাজার টাকা ফেরত পেয়ে শান্ত হলেন তিনি। সোমবার রাতে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুড়গুড়িপাল থানার সনকাডাঙার বাসিন্দা লক্ষ্মণ যাদব পেশায় মূলত কৃষক। পাশাপাশি গরু পালন করে বাড়ি বাড়ি দুধ বিক্রি করেই তাঁর সংসার চলে। সম্প্রতি তিনি পার্শ্ববর্তী উপরডাঙা গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৩২ হাজার টাকা দিয়ে একটি গর্ভবতী গরু কেনেন। লক্ষ্মণের অভিযোগ, বিক্রেতা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গরুটি দিনে অন্তত ৮ থেকে ১০ লিটার দুধ দেবে। গর্ভবতী ওই গরুর পরিচর্যা বা খাবারের কোনো ঘাটতি রাখেননি তিনি। কিন্তু বাছুর প্রসবের পর দেখা যায়, গরুটি দিনে বড়জোর ৩ লিটার দুধ দিচ্ছে। কাঙ্ক্ষিত দুধ না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি।

উপায়ান্তর না দেখে সোমবার রাতে সোজা গুড়গুড়িপাল থানায় হাজির হন লক্ষ্মণ। এক পুলিশ কর্মকর্তার সামনে হাত জোড় করে তিনি বলেন, ‘স্যার, গরু কম দুধ দিচ্ছে। কিছু একটা ব্যবস্থা করুন।’ চুরি বা ছিনতাইয়ের মতো চেনা অপরাধের বদলে এমন অদ্ভুত অভিযোগ শুনে প্রথমে হতবাক হয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করা হলেও নিজের দাবিতে অনড় থাকেন লক্ষ্মণ। অবশেষে পরিস্থিতি সামাল দিতে বিক্রেতাকে থানায় ডেকে পাঠায় পুলিশ। উভয় পক্ষের আলোচনার পর বিক্রেতা লক্ষ্মণকে দুই হাজার টাকা ফেরত দিতে রাজি হন। সেই টাকা পকেটে পুরে হাসিমুখে থানা ছাড়েন তিনি, আর হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ সদস্যরাও।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup