সর্বশেষ

আমিরাতে শর্ট সার্কিট থেকে আগুনের ধোঁয়ায় প্রবাসীর মৃত্যু

Dubai 121026Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের আজমানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে আজমানের একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে। তাঁর বাবার নাম মোহাম্মদ এজাহার মিয়া।

নিহতের ভাগনে ও আবুধাবির মুসাফফাহ প্রবাসী মোহাম্মদ মনির উল্লাহ ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, জাহেদ আজমানের একটি সুপারমার্কেটে সেলস সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে তাঁর নৈশকালীন ডিউটি থাকার কথা ছিল। কাজে যাওয়ার আগে তিনি নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ পাশের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো বাসা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় জাহেদের রুমমেট দ্রুত বাসা থেকে বের হয়ে নিরাপদে প্রাণ বাঁচাতে পারলেও, গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় জাহেদ ভেতরেই আটকা পড়েন এবং ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে আজমান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় শেখ খলিফা হাসপাতালে নিয়ে যায়। প্রবাসীরা জানিয়েছেন, উন্নত ভবিষ্যতের আশায় ২০০৩ সালে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন জাহেদ। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। দেশে সর্বশেষ ছুটিতে গিয়েছিলেন ২০২৫ সালে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ১০ ও ৩ বছর বয়সী দুই কন্যাসন্তান রেখে গেছেন। বর্তমানে তাঁর মৃতদেহ আজমান সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup