সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। সেই হিসাবে মুসলমানদের সিয়াম সাধনার এই মাস শুরু হতে বাকি আছে আর মাত্র ১২১ দিন। আগামী ১২ অক্টোবর থেকে আরবি জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের ক্ষণগণনা আরও এক ধাপ এগিয়ে আসবে এবং তখন মাত্র চার চন্দ্র মাস বাকি থাকবে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি মাস শুরু হয়, তবে জ্যোতির্বিজ্ঞানের এই হিসাব আগাম প্রস্তুতি ও ক্যালেন্ডার নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই পূর্বাভাসের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্যমতে, আরব আমিরাতের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় তা খালি চোখে দেখার সম্ভাবনা রয়েছে। এর ফলে ১২ অক্টোবর (সোমবার) ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, আসন্ন রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। সেই অনুযায়ী, আগামী ৯ মার্চ (মঙ্গলবার) অথবা ১০ মার্চ (বুধবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। আল জারওয়ান আরও উল্লেখ করেন, ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের একটি বড় বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষ কোনো বিশেষ বৈজ্ঞানিক সরঞ্জাম ছাড়াই চাঁদের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করে মাস গণনা করতে পারেন।
তবে চাঁদ দেখার বিষয়ে কিছুটা ভিন্ন বৈজ্ঞানিক মূল্যায়ন তুলে ধরেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। কেন্দ্রটির মতে, রোববার সূর্যাস্তের পর সাধারণ টেলিস্কোপ বা খালি চোখে নতুন চাঁদ দেখা সম্ভব না–ও হতে পারে। তবে অত্যাধুনিক অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সাহায্যে সূর্যাস্তের আগেই চাঁদ শনাক্ত করার সুযোগ রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘সেন্ট্রাল কনজাংশন’ বা কেন্দ্রীয় সংযোগ ঘটবে উল্লেখ করে শারজাহ হাব জানিয়েছে, যেসব দেশ জ্যোতির্বিজ্ঞানের নিখুঁত হিসাবের ওপর নির্ভর করে, তারা ১২ অক্টোবর থেকে নতুন মাস শুরু করবে। আর যেসব দেশ শুধু খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে নতুন মাসটি ১৩ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ অবলম্বনে এই তথ্য জানা গেছে।









