সৌদি আরবের তায়েফে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি বা এনসিএম। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। এই সময়ে তায়েফে প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এই এলাকায় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
শুধু তায়েফ নয়, জাজান, আসির, আল-বাহা ও মক্কা থেকে শুরু করে মদিনার কিছু অংশেও মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের সৃষ্টি হতে পারে, যা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে হাইল, তাবুক, আল-জউফ এবং উত্তর সীমান্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি ও বন্যার পূর্বাভাসের মধ্যেই বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার চরম ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মদিনায় সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মক্কা, দাম্মাম ও বুরাইদায় ৪১ ডিগ্রি এবং রিয়াদে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।










