সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন তথ্য জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের তথ্য যাচাই ও প্রক্রিয়াগত কারণে পাসপোর্ট হাতে পেতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, সম্প্রতি সৌদি আরবে ই-পাসপোর্টের ব্যাপক চাহিদা বেড়েছে। আগে যেখানে প্রতিমাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো, সেখানে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক বা আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং অবস্থায় আছে এবং ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের আঙুলের ছাপ গ্রহণের পর অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া বর্তমানে দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী একটি ক্যাম্পে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের আঙুলের ছাপ নেওয়ার কাজ চলছে।
আরও
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, আঙুলের ছাপ নেওয়ার পর আবেদন যাচাই করতে গিয়ে অনেক সেবাপ্রার্থীর তথ্যে ভুল পাওয়া যাচ্ছে। বিশেষ করে জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসংগতি এবং একাধিক পাসপোর্টসংক্রান্ত জটিলতার কারণে এই যাচাই কার্যক্রম শেষ করে পাসপোর্ট সরবরাহ করতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে পাসপোর্ট সেবা আরও দ্রুত ও সহজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।










