ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা এসব সোনার ওজন প্রায় ৯ কেজি ৩৩০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই উড়োজাহাজে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল অন্যান্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ৮০টি সোনার বার পাওয়া যায়। এই বিপুল পরিমাণ সোনা চোরাচালানের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।












