ওমানের নর্থ আল বাতিনাহ এলাকায় বিভিন্ন খামার থেকে ১৩০টির বেশি গবাদিপশু চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, নর্থ আল বাতিনাহ প্রদেশ পুলিশ কমান্ড অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের আটক করে। মূলত সাহাম ও আল খাবুরা এলাকার একাধিক খামার এবং পশুর খোঁয়াড় থেকে তারা এসব গবাদিপশু চুরি করেছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার নজির রয়েছে। সংঘবদ্ধ এই চক্রটি বেশ কিছুদিন ধরে সুকৌশলে ওই অঞ্চলগুলোতে চুরি করে আসছিল। তবে তদন্তের স্বার্থে রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের নির্দিষ্ট সংখ্যা বা তাঁদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এমনকি উদ্ধার হওয়া গবাদিপশুগুলোর বর্তমান অবস্থাও জানানো হয়নি।
এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে রয়্যাল ওমান পুলিশ নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে। গ্রেপ্তার হওয়া এই চক্রের সদস্যদের বিরুদ্ধে বর্তমানে ওমানের প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










