নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। এতে নির্ধারিত সময় পার হলেও ফ্লাইটটি গন্তব্যে ছেড়ে যেতে পারেনি, যার ফলে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১২৭ জন যাত্রী। আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তথ্যানুযায়ী, বিজি৩৭২ নম্বরের ফ্লাইটটির গন্তব্য ছিল ঢাকা। বোর্ডিং পাস অনুযায়ী, যাত্রীদের বোর্ডিংয়ের সময় ছিল বিকেল ৩টা এবং ফ্লাইটটি বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে এর উড্ডয়ন সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে বিমানবন্দরেই অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফ্লাইট কাঠমান্ডুতে গ্রাউন্ডেড হয়েছে। তবে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে ইতিমধ্যে বিকল্প একটি বিমান পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাঠমান্ডু থেকে ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।










![]hgjn](https://probashtime.net/wp-content/uploads/2026/08/hgjn.webp)

