সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারিতে আবারও ভাগ্য ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের। ড্রয়ের ২৮৯তম সিরিজের সান্ত্বনা পুরস্কার হিসেবে এক লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার বেশি) করে জিতে নিয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। একই সঙ্গে দুই কোটি (২০ মিলিয়ন) দিরহামের মেগা জ্যাকপট বিজয়ী ১০ জনের একটি দলেও রয়েছেন আরেক বাংলাদেশি। গতকাল শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এক লাখ দিরহাম বিজয়ী ওই দুই বাংলাদেশির একজন হলেন ৩৮ বছর বয়সী আরিফুজ্জামান শুভ। তিনি গত ১৭ বছর ধরে আমিরাতের আজমানে বসবাস করছেন এবং সেখানে একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। পরিবারের ভবিষ্যতের কথা ভেবে গত দুই বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন তিনি। প্রতি মাসে নিয়ম করে ১০ বন্ধুর একটি দলের সঙ্গে টিকিট শেয়ার করতেন শুভ। শেষ পর্যন্ত তাঁর সেই ধৈর্যই সাফল্য এনে দিয়েছে। বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, বিগ টিকিট থেকে ফোন পাওয়ার পর তিনি কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। নিজে যে সত্যিই জিতেছেন, তা বিশ্বাস করতে তাঁর বেশ খানিকটা সময় লেগেছিল। এই পুরস্কারের অর্থ এখনই খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পরিকল্পনা রয়েছে তাঁর।
আরও
শুভ ছাড়াও একই সিরিজে এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার জিতেছেন সবুজ মো. দেলোয়ার মুন্সী নামের আরেক বাংলাদেশি প্রবাসী। এই সিরিজে মোট পাঁচজন সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। দুই বাংলাদেশি ছাড়া বাকি তিনজন ভারতের কেরালার বাসিন্দা। তাঁরা হলেন নিখিল চন্দ্রন, সাইদালাভি ও সারথ শশীধরণ। অন্যদিকে এবারের মেগা ড্রতে দুই কোটি দিরহাম জিতেছেন দুবাইপ্রবাসী ফিলিপিনো নাগরিক রেনাল্ডো হারবসো। তবে এই বিপুল অঙ্কের পুরস্কার তিনি একা পাচ্ছেন না। রেনাল্ডোর ১০ জনের একটি দল টিকিটটি কিনেছিল, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ফলে ওই মেগা জ্যাকপটের একটি অংশ ওই বাংলাদেশির ঘরেও যাচ্ছে।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি আগস্ট মাসজুড়ে অংশগ্রহণকারীদের জন্য আরও আকর্ষণীয় সব পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে দেড় কোটি (১৫ মিলিয়ন) দিরহাম। ওই দিন সন্ধ্যায় আরও পাঁচজন পাবেন এক লাখ দিরহাম করে। এ ছাড়া প্রতি সপ্তাহে ই-ড্রয়ের মাধ্যমে চারজন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন। যাঁরা আগস্টে টিকিট কিনবেন, তাঁরা ৩ অক্টোবরের ‘দ্য বিগ স্পিন’ প্রতিযোগিতায় ১০ লাখ (১ মিলিয়ন) দিরহাম পর্যন্ত জেতার সুযোগের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবেন।











