ওমানের মোট জনসংখ্যা ৫৪ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির পরিসংখ্যান বিভাগের পপুলেশন ক্লকের তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত ওমানের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ২০ হাজার ৮৫৬ জনে। এর আগে গত জুন মাস শেষে দেশটির জনসংখ্যা ছিল ৫৩ লাখ ৯৮ হাজার ৬৪৫ জন। নতুন উপাত্তে দেখা যাচ্ছে, গত কয়েক সপ্তাহে ওমানের মোট জনসংখ্যায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে।
নতুন পরিসংখ্যানে দেখা গেছে, ওমানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি স্থানীয় নাগরিক। বর্তমানে দেশটিতে ওমানি নাগরিকের সংখ্যা ৩০ লাখ ৭০ হাজার ৪০ জন, যা মোট জনসংখ্যার ৫৬ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে প্রবাসীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৫০ হাজার ৮১৬ জনে, যা দেশের মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৪০ শতাংশ।
অঞ্চলভিত্তিক জনসংখ্যার হিসাব অনুযায়ী, ওমানের রাজধানী মাস্কাটেই সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন। মাস্কাটের জনসংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬১৯ জন, যা দেশের মোট জনসংখ্যার ২৮ দশমিক ৬ শতাংশ। এরপরেই রয়েছে উত্তর আল বাতিনাহ এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশ। উত্তর আল বাতিনাহ প্রদেশে ৯ লাখ ৪৭ হাজার এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে ৫ লাখ ৯০ হাজার মানুষ বসবাস করছেন। এছাড়াও আল দাখিলিয়াহ, ধোফার এবং দক্ষিণ আল শারকিয়াহ প্রদেশেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বসবাস রয়েছে। সবচেয়ে কম মানুষ বাস করেন মুসান্দাম প্রদেশে, যা মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ।











