হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ শনিবার মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত এই জলপথ অতিক্রম করার সময় জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাণিজ্যিক ওই জাহাজটিকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজে থাকা সব কর্মী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তবে হামলায় জাহাজের ঠিক কী ধরনের ক্ষতি হয়েছে বা এই আক্রমণের পেছনে কোন গোষ্ঠী জড়িত, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সার্বিক পরিস্থিতি কঠোর পর্যবেক্ষণে রেখে ওই অঞ্চলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে।












