সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় খাইরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির দাম্মাম শহরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা পদুয়াপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে সাড়ে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্মাম শহরে নিজের কর্মস্থলে নির্মাণকাজ করছিলেন খাইরুল। এ সময় হঠাৎ একটি ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে গিয়ে তাঁর বুকে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তরুণ এই প্রবাসীর অকালমৃত্যুতে তাঁর নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খাইরুলের মতো একজন তরুণের এমন মৃত্যু কোনোভাবেই কাম্য ছিল না।
আরও
মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাড়ে চার বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান খাইরুল। সেখানে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও জানান, খাইরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।










