মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে একই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি সহকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজ্যের তামান লিঙ্গি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। জোড়া খুনের এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।
মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের বরাত দিয়ে নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সোয়া চারটার দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পান তাঁরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লিঙ্গি থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে পুলিশের প্রাথমিক তদন্তে লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং আহত ব্যক্তিকে রেম্বাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনার সঙ্গে জড়িত প্রবাসীরা সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশের ধারণা, নিজেদের মধ্যে কোনো বিরোধের জেরে একাধিক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার প্রকৃত কারণ ও ধারাবাহিকতা জানতে জোর তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে আজ পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।










