ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে অতর্কিত গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
এই ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি। নিহত ওই দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য বলে জানানো হলেও তাঁদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বাহিনীটি। তবে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।



![]f](https://probashtime.net/wp-content/uploads/2026/06/f.webp)






