বিশ্বকাপে সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের আগে এক ব্যতিক্রমী দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। অন্যান্য দেশের মতো মাটিতে বিছিয়ে না রেখে সৌদি আরবের জাতীয় পতাকাটি মাঠের ওপর উঁচু করে ধরে রাখা হয়। ইসলামের পবিত্র কালেমা লেখা থাকায় ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবেই এই সম্মান প্রদর্শন করা হয়। অন্যদিকে মাঠের লড়াইয়েও কেউ কাউকে হারাতে পারেনি; গ্রুপ ‘এইচ’-এর এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে সৌদি আরবের পতাকাই একমাত্র ব্যতিক্রম, যা মাটির স্পর্শ থেকে দূরে রাখা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতার সময় দুই দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে প্রতিপক্ষ উরুগুয়ের পতাকাটিও একইভাবে উঁচু করে ধরে রাখা হয়েছিল। মূলত সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমা তায়্যিবা বা শাহাদাহ খচিত থাকায় এর ব্যবহারে দেশটির কঠোর আইনি বিধিনিষেধ রয়েছে।
সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী, কোনো অবস্থাতেই জাতীয় পতাকাকে এমনভাবে নামানো বা ব্যবহার করা যাবে না, যাতে তা মাটি, পানি বা অন্য কোনো পৃষ্ঠ স্পর্শ করে। এমনকি বিবর্ণ, ক্ষতিগ্রস্ত বা অযত্নে থাকা কোনো পতাকা প্রদর্শনও দেশটিতে আইনত নিষিদ্ধ। কোনো পতাকা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে তার পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে তা যথাযথ নিয়মে ধ্বংস করার বিধান রয়েছে।
আরও
পতাকার এই সম্মানজনক ও ব্যতিক্রমী প্রদর্শনের দিন মাঠের খেলায় জয় হাতছাড়া হয়েছে সৌদি আরবের। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আবদুল্লাহ আল-আমরি গোল করে দলকে দারুণ এক লিড এনে দিয়েছিলেন। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে এসে উরুগুয়ের ম্যাক্সি আরাউজো গোল করে সমতা ফেরান। ফলে ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।










