সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সড়ক দুর্ঘটনায় দুলাল মিয়া (৫৩) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১ নম্বর আমানুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জীবিকার তাগিদে ২০০৭ সালে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, দুলাল মিয়া ঘটনার সময় সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর সাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি ছিটকে পাঁচ-ছয় হাত দূরে গিয়ে পড়েন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং পায়ের গোড়ালির নিচে মারাত্মকভাবে কেটে যায়।
দুর্ঘটনার পরপরই ধাক্কা দেওয়া গাড়ির চালক নিজেই পুলিশকে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপরই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কালক্ষেপণ না করে তাঁকে রাস আল খাইমার সাকর হাসপাতালে (Saqr Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। প্রবাসে তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।










