ওমানের সুলতানের স্ত্রীর মহানুভবতায় ক্রমেই মুগ্ধ হচ্ছে মানুষ। এবার তার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দেশটির রয়্যাল গার্ড থিয়েটার হলে বসে বিশেষ এই মানুষদের পরিবেশনা এবং তাদের নিয়ে গঠিত নতুন সংগীত দল ‘তারানিম আল আমাল’ বা ‘আশার স্তোত্র’-এর আত্মপ্রকাশ উপভোগ করেন ফার্স্ট লেডি। মূলত সংগীতাঙ্গন ও শিল্পচর্চার মধ্য দিয়ে সমাজের এই বিশেষ অংশের ক্ষমতায়ন নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

ফার্স্ট লেডির উপস্থিতিতে ওমানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই আয়োজনের মূল পর্ব শুরু হয়। এরপর নতুন এই ব্যান্ড দলটি গড়ে ওঠার পেছনের গল্প, সদস্যদের নিরলস প্রশিক্ষণ ও তাদের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে একটি আবেগঘন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটিতে মূলত এটিই তুলে ধরা হয়েছে যে, একটি অনুকূল পরিবেশ ও সমর্থন পেলে বিশেষ চাহিদাসম্পন্ন এই মানুষেরাও নিজেদের সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম।
আরও


ওমানের ন্যাশনাল অটিজম সেন্টার, রয়্যাল গার্ড অব ওমান মিউজিক এবং ফার্স্ট রয়্যাল ব্যান্ডের সার্বিক কারিগরি সহায়তায় এই বিশেষ দলের সদস্যরা মঞ্চে এক অনুপ্রেরণাদায়ক মানবিক বার্তা পৌঁছে দেন। সমাজের মূলধারায় বিশেষ চাহিদাসম্পন্নদের আরও সক্রিয়ভাবে যুক্ত করতে ওমানের ফার্স্ট লেডির যে রূপকল্প ও নির্দেশনা রয়েছে, মূলত তারই এক সফল প্রতিফলন ছিল থিয়েটার হলের এই আয়োজন।










