ওমানের বাজারে রেড মিটের দাম ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। রোববার ওমানের শূরা কাউন্সিলের এক অধিবেশনে কৃষি, মৎস্য সম্পদ ও পানিসম্পদ মন্ত্রী সৌদ বিন হামুদ আল হাবসি এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেড মিটের দাম বৃদ্ধির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে আনতে স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার কাজ চলছে। অধিবেশনে আল হাবসি বলেন, বাজারে মাংসের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। এই পরিস্থিতি সামাল দিতে দেশীয় উৎপাদন সম্প্রসারণ করা এখন সময়ের দাবি।
দেশীয় উৎপাদন বৃদ্ধির এই উদ্যোগে ইতিমধ্যে যুক্ত হয়েছে ‘বাশায়ের মিট কোম্পানি’। মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বাশায়ের মিট কোম্পানির এই অন্তর্ভুক্তিতে কার্যক্রম আরও গতিশীল হবে। সেই সঙ্গে মাংস উৎপাদন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মূলত আমদানিনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে ওমান সরকারের যে বৃহত্তর কর্মসূচি রয়েছে, লাল মাংসের উৎপাদন বাড়ানোর এই পদক্ষেপ তারই একটি অংশ।








