কখনো বাসা ঘেরাও করে, কখনো বা গোপনে পিছু নিয়ে অবৈধ প্রবাসীদের ধরছে সৌদির নিরাপত্তা বাহিনী। গোপন সুড়ঙ্গে লুকিয়েও রক্ষা মিলছে না। মূলত আসন্ন পবিত্র হজ সামনে রেখে মক্কায় অবৈধ অনুপ্রবেশ ও জালিয়াতি ঠেকাতে এবার নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে সৌদি।
সর্বশেষ রবিবার হজের পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে তিন প্রবাসী ও এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিন প্রবাসী মিসরের নাগরিক। সৌদি নাগরিক নিজের গাড়িতে করে তাদের অবৈধভাবে মক্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর সতর্ক প্রহরার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং মরুপথ থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সৌদি প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, হজের পবিত্রতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এবার কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মহাসড়কের পাশাপাশি দুর্গম পাহাড়ি ও মরুপথেও বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজনদের গোপনে পিছু নিয়ে আস্তানা খুঁজে বের করে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে দেশের নাগরিক ও বৈধ প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, অনুমতি ছাড়া হজে অংশ নেওয়া বা কাউকে অবৈধভাবে মক্কায় প্রবেশে সহায়তা করা গুরুতর দণ্ডনীয় অপরাধ।










