ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিক আবু বক্কারের (৪৫) বাড়িতে গিয়ে উঠেছেন নার্গিস বেগম (৬০) নামের এক নারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। অসমবয়সী এই প্রেম ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে বাড়িতে অবস্থানের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চার সন্তানের জননী নার্গিস বেগমের সঙ্গে পাঁচ সন্তানের জনক আবু বক্কারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে এর আগে দুবার তাঁরা ঢাকার সাভার এলাকায় পালিয়ে গিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে আবু বক্কারের প্রথম স্ত্রী সেখান থেকে তাঁদের উদ্ধার করে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন।
গতকাল সন্ধ্যায় আবু বক্কারের বাড়িতে অবস্থান নিয়ে নার্গিস বেগম দাবি করেন, আবু বক্কার তাঁকে বিয়ে করেছেন। মূলত তাঁর ডাকে সাড়া দিয়েই তিনি এই বাড়িতে এসেছেন। নার্গিস বেগম বলেন, আগের সংসার ছেড়ে তিনি চিরতরে চলে এসেছেন। যেহেতু আবু বক্কার তাঁকে বিয়ে করেছেন, তাই এখন থেকে তিনি এই বাড়িতেই বসবাস করবেন।
আরও
তবে বর্তমানে আবু বক্কার একটি মামলায় কারাগারে রয়েছেন। তাঁর প্রথম স্ত্রী নুপুর বেগম এই ঘটনা প্রসঙ্গে বলেন, তাঁর স্বামী এখন জেলে আছেন। তিনি ফিরে এসে যদি ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে ঘরে তুলে নেন, তবে তাঁর কোনো আপত্তি থাকবে না। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে তিনি নিজে থেকে তাঁকে বাড়িতে জায়গা দিতে পারবেন না। এই পরিস্থিতিতে ওই বাড়িতে এবং আশপাশের এলাকায় বেশ কৌতূহল ও উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে।










