ওমান থেকে ঢাকা রুটের যাত্রীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে ওমান এয়ার। বছরের প্রথম ‘গ্লোবাল সেল’ উপলক্ষ্যে মাস্কাট থেকে ঢাকা রুটের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। শনিবার দুপুরে ওমান এয়ারের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ৭৬ রিয়ালের টিকিট প্রবাসীরা কিনতে পারছেন মাত্র ৫৫ রিয়ালে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজনেস এবং ইকোনমি-উভয় ক্লাসের ভাড়ায় এই ছাড় পাওয়া যাবে।
বিশেষ এই অফারটি পেতে হলে যাত্রীদের আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে টিকিট বুকিং সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে কেনা টিকিটে ভ্রমণ করা যাবে চলতি বছরের ১২ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত। গ্রীষ্মকালীন ছুটিতে যারা দেশে ফেরার কথা ভাবছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ সুযোগ। ওমান এয়ারের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে সরাসরি এই টিকিট সংগ্রহ করা যাবে।
ঢাকার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য জনপ্রিয় শহরগুলোতেও ওমান এয়ার বিশেষ ছাড় দিচ্ছে। পর্যটক ও নিয়মিত যাত্রীদের কথা মাথায় রেখে মাস্কাট থেকে মুম্বাই, চেন্নাই, গোয়া, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং কোঝিকোড় রুটে মাত্র ৩০ রিয়ালে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া দিল্লি এবং কোচি রুটে যাওয়ার জন্য খরচ হবে ৩৫ রিয়াল।
আরও
শুধু উপমহাদেশ নয়, ইউরোপ ও দূরপ্রাচ্যের গন্তব্যগুলোতেও ওমান এয়ারের এই ছাড়ের সুবিধা মিলছে। মাস্কাট থেকে লন্ডন যেতে খরচ হবে ৮৬ রিয়াল এবং প্যারিস ও ফ্রাঙ্কফুর্ট রুটে ৮৫ রিয়ালে যাতায়াত করা যাবে। যারা এশিয়ায় ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য ব্যাংকক ও ম্যানিলা রুটে মাত্র ৮০ রিয়ালে টিকিট অফার করা হয়েছে। এছাড়া আঞ্চলিক গন্তব্য হিসেবে দুবাই বা দোহা রুটে যাতায়াত করা যাবে মাত্র ২০ রিয়ালে।








