মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তেলুক পাংলিমা গারাং এলাকার বান্টিংয়ে অবস্থিত একটি ইলেকট্রনিক্স উৎপাদন কারখানায় জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। অন্যের বৈধ পরিচয়পত্র ও ভুয়া নথি ব্যবহারের অভিযোগে মোট ২১৯ জনকে আটক করা হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এই সমন্বিত অভিযানে জেপিএনের বিশেষ তদন্ত বিভাগ, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং শ্রম বিভাগ যৌথভাবে অংশ নেয়। অভিযানের সময় প্রায় ৫০০ জন শ্রমিকের পরিচয়পত্র ও কর্মসংক্রান্ত নথি যাচাই-বাছাই করা হয়।
আরও
তদন্তে জাতীয় নিবন্ধন বিধিমালা, ১৯৯০ অনুযায়ী মোট ১৫টি অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি ক্ষেত্রে ভুয়া মাইকাড (জাতীয় পরিচয়পত্র) ব্যবহার এবং একটি ঘটনায় অন্য ব্যক্তির মাইকাড অপব্যবহারের অভিযোগ শনাক্ত করা হয়। আটক ২১৯ জন বিদেশি শ্রমিককে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া শ্রম আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে শ্রম বিভাগ পৃথকভাবে পাঁচটি সমন জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মক্ষেত্রে বৈধ নথি ও আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি আরও জোরদার করা হবে।
এই অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন বিন ইসমাইল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক দাতো’ বদরুল হিশাম বিন আলিয়াস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পরিচয় নিবন্ধন ব্যবস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা রক্ষায় ভুয়া নথি ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












