চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পারকালিনগর হুড়কাপাড়া এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের আইনজীবী ও নোটারি পাবলিক হামিদুর রহমানকে আটক করেছে স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় তাকে আটক করে মারধরের পর গৃহবধূর সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, গৃহবধূর স্বামী বিদেশে থাকেন এবং তিনি বাড়িতে একাই থাকেন। দীর্ঘদিন ধরেই আইনজীবী হামিদুর রহমানের ওই বাড়িতে যাতায়াত ছিল। শনিবার বিকেলে বাড়িতে প্রবেশ করার পর দীর্ঘ সময় বের না হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে কয়েকজন যুবক ঘরের জানালার ছিদ্র দিয়ে আপত্তিকর দৃশ্য দেখার দাবি করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে আটক করতে সক্ষম হয়।
আটকের পর আইনজীবী ও গৃহবধূ দুজনকেই মারধর করা হয় এবং স্থানীয়রা বিয়ের আয়োজনের উদ্যোগ নেয়। এ সময় কাজীকে ডাকা হলেও তিনি গৃহবধূর স্বামী জীবিত থাকায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা সরে গেলে হামিদুর রহমান ও ওই নারীকে উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সামনে হামিদুর রহমান নিজের ভুল স্বীকার করেছেন বলেও জানা গেছে।
আরও
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামিদুর রহমানের একটি ছবি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদের সঙ্গে ছড়িয়ে পড়ে, যা এলাকায় আরও আলোচনা সৃষ্টি করেছে। তবে আইনজীবী হামিদুর রহমান এ বিষয়ে কোনো বক্তব্য দিতে ফোন রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী জানান, হামিদুর রহমান দীর্ঘদিন ধরে আদালতে কর্মরত এবং তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ব্যক্তিগত জীবনে এমন ঘটনার বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











