নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় প্রবাসীর বাড়িতে ঘটে যাওয়া কথিত ‘ডাকাতি’ আসলে ছিল সাজানো নাটক—এমন তথ্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা যায়, নতুন মোবাইল ফোন এবং অনলাইন গেম “ফ্রি ফায়ার”-এর আইডি কেনার টাকা সংগ্রহ করতে প্রবাসীর ছেলে নিজ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতেই ডাকাতির অভিনয় করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই তিন কিশোরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুট করা ২ লাখ ৭৮ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার। গ্রেপ্তারকৃতরা হলো—শাহরিয়ার (৮ম শ্রেণি), নাবিল (৯ম শ্রেণি) এবং শাহ আলম (৬ষ্ঠ শ্রেণি)। তিনজনই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, তার ছেলে শাহরিয়ারকে হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেন।
আরও
পুলিশ জানায়, শুক্রবার শাহ আলম নতুন মোবাইল ফোন কেনায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। টাকার উৎস জানতে চাইলে সে সত্য প্রকাশ করে। পরে স্থানীয়রা তিন কিশোরকে আটক করলে তারা ডাকাতির নাটক সাজানোর বিষয়টি স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোররা জানিয়েছে, মোবাইল ফোন এবং ফ্রি ফায়ার গেমের আইডি কেনার টাকা না থাকায় তারা পরিকল্পিতভাবে এই ভুয়া ডাকাতির ঘটনা ঘটায়। পুলিশ বলছে, মামলার সকল দিক বিবেচনায় আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।










