অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সংঘটিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। গত মাসের যুদ্ধবিরতির পরও রাফার বিস্তীর্ণ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকায় হামাসের প্রায় ২০০ যোদ্ধা সেখানে একটি সুড়ঙ্গপথে আটকা পড়ে আছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নাহাল ব্রিগেডের নেতৃত্বে পরিচালিত অভিযানে হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের দিকে অগ্রসর হচ্ছিলেন। আইডিএফ দাবি করেছে, যোদ্ধাদের গতিবিধি ইসরায়েলি সেনাদের জন্য “তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি” তৈরি করেছিল; তাই বিমান থেকে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

আরও
যুদ্ধবিরতির পর রাফার পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অঞ্চলটি এখনও ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে থাকায় হামাসের যোদ্ধারা সুড়ঙ্গের ভেতরেই অবস্থান করতে বাধ্য হন। তাদের নিরাপদে গাজায় ফেরত পাঠানো অথবা অন্য দেশে স্থানান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ একাধিক মধ্যস্থতাকারী দেশের সঙ্গে আলোচনা চলছিল। এমন পরিস্থিতিতেই পাঁচ যোদ্ধাকে হত্যা করল ইসরায়েল।
এ ঘটনার আগে ইসরায়েল শর্ত দিয়েছিল, রাফায় আটকে থাকা প্রায় ২০০ হামাস যোদ্ধাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে—তারপরই তাদের মুক্তি বা অন্য কোনো সমাধান নিয়ে আলোচনা করা যাবে। ইসরায়েল এমনকি কিছু যোদ্ধাকে তাদের হেফাজতে নেওয়ার প্রস্তাবও দেয়।
তবে হামাস স্পষ্ট জানিয়ে দেয়, তাদের যোদ্ধারা কোনো অবস্থাতেই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। মধ্যস্থতাকারী আলোচনার মধ্যেই সাম্প্রতিক এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।












