ভারতের সেনাবাহিনী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি উদ্বোধন করেছে। একই সঙ্গে আসামের ধুবরিতেও আরেকটি সেনা স্টেশন স্থাপনের কাজ চলছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সময়েই অল্প সময়ের মধ্যে দুটি নতুন সামরিক স্থাপনা গড়ে তুলেছে ভারত। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আঞ্চলিকভাবে নানা আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল–এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত সেনাঘাঁটি পরিদর্শন করেন। এই ঘাঁটিটি বাংলাদেশের সীমান্তের একেবারে কাছাকাছি স্থাপিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি চোপড়া ডিফেন্স ল্যান্ডে অবস্থানরত ব্রহ্মাস্ত্র কর্পসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘাঁটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নতুন স্থাপনাগুলোর মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে জানানো হয়।
আরও
এদিকে, আসামের ধুবরিতেও একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ এগিয়ে চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নতুন সেনা উপস্থিতি ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সেনা অবস্থান জোরদারকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।












