মালয়েশিয়ার মেলাকা রাজ্যের আলোর গাজাহ এলাকার দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা ২–এর একটি ভাড়া বাসা থেকে দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম কসমো জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে এক ভাই সম্প্রতি পারিবারিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
প্রতিবেশী মুহাম্মদ জুহাইলি মোহদ জিন (৩১) বলেন, সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে ঝগড়ার শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর এক রুমমেট ঘরে ফিরে এসে দেখেন, একজন রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং অন্যজন শোবার ঘরে অচেতন। তিনি জানান, দুজনই নিজেদের ভাই হিসেবে পরিচয় দিতেন।
আরও
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের একজনের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক, যিনি দুই সপ্তাহ আগে সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। প্রতিবেশীরা জানান, ওই ব্যক্তি সাধারণত শান্ত স্বভাবের ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি মানসিক চাপে ছিলেন।
দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। রাত পৌনে ১১টার দিকে ফরেনসিক তদন্ত শেষে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মেলাকা পুলিশের প্রধান দাতুক দজুলখাইরি মুখতার বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।












