সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় কবুতরকে খাবার দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে পৌর কর্তৃপক্ষ। নিয়ম ভঙ্গ করলে এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য রক্ষা এবং নগরের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
পবিত্র নগরীর সচিবালয় জানিয়েছে, কবুতরের মল ও অতিরিক্ত জমায়েতে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি ভবন ও পবিত্র স্থানগুলোর ক্ষতি ঘটছে। এ কারণে নাগরিকদেরও উৎসাহিত করা হয়েছে, কেউ যদি নিষেধাজ্ঞা ভঙ্গ করে, তার ছবি তুলে কর্তৃপক্ষকে জানাতে।
কর্তৃপক্ষ একটি বিশেষ নজরদারি টিম গঠন করেছে, যা মসজিদুল হারাম ও মসজিদে নববীর আশপাশে নজরদারি করবে। এখানে বছরের পর বছর ধরে প্রচুর কবুতর মানুষের হাতে খাবারে অভ্যস্ত হয়ে গেছে, তাই বিশেষভাবে সতর্কতা রাখা হচ্ছে।
আরও
পৌর কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য শহরের জনস্বাস্থ্য মান উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রাখা। পাশাপাশি নাগরিক ও ওমরাহ–হাজি যাত্রীদের আহ্বান জানানো হয়েছে বিধিনিষেধ মেনে চলার জন্য।
সৌদি সরকার সম্প্রতি পবিত্র নগরীর পরিবেশ সুরক্ষা ও নগর জীবনের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফুটপাতের ব্যবসা, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসমাগম নিয়ন্ত্রণের পর এই নতুন উদ্যোগকে বিশেষজ্ঞরা পবিত্র দুই নগরীর পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।












