হালট্রিপ কেলেঙ্কারির মূলহোতা মোহাম্মদ তাজবীর হাসানকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তাজবীর ছিলেন হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক, যিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, রাতে বিমানবন্দর এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে থানায় হস্তান্তর করার পর আদালতে পাঠানো হয়।
সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তাজবীর হাসান। অথচ তিনি ২০২০ সালের জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে যান। একই বছর গ্রাহকদের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায় হালট্রিপ, ফলে অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
আরও
তাজবীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দেশ ছাড়ার পর তিনি ভানুয়াতু ও তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেন। পাশাপাশি মাল্টায় রেসিডেনসি ও স্পেনের গোল্ডেন ভিসা সংগ্রহ করেন। বিভিন্ন সূত্র দাবি করছে, দুবাইতে অবস্থান নিয়ে তিনি বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আড়ালে থেকে দুবাই, স্পেন ও মাল্টায় বিভিন্ন আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছেন।
এছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাকে বিদেশি নাগরিকত্ব কিনতে সহায়তা করার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। হালট্রিপ কেলেঙ্কারির এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখন তার কঠোর বিচার দাবি করছেন।











