পাবনার সাঁথিয়ায় জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মারধরের শিকার হয়েছেন বলেও জানা গেছে। ভুক্তভোগী প্রবাসী দুলাল হোসেন (৪০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, দেড় লাখ টাকার মোবাইল ফোন লুট করা হয় এবং ভাঙচুরে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সাঁথিয়া থানায় দায়ের করা এ অভিযোগে ছয়জনকে নামীয় আসামি ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
থানার সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার সৈয়দপুর গ্রামের মৃত হানিফ প্রামাণিকের ছেলে সিঙ্গাপুরপ্রবাসী দুলাল হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত যদু শেখের ছেলে দুলাল, রব্বান ও আজিজদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষরা হামলা চালায় বলে অভিযোগ।
আরও
এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং তিনটি স্বর্ণের চেইন, একটি হাড়, দুইটি আঙটির পাশাপাশি একটি দামী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ নিয়ে ভুক্তভোগী দুলাল হোসেন বলেন, “পরিকল্পিতভাবে আমার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভিযুক্ত পক্ষের রব্বান অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আমরা হামলা বা লুটপাট করিনি। তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের দায়ী করছে।” এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









